২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া এক ছাত্রীর মা ওই শিক্ষকের শাস্তির দাবি জানান।

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 12:26 AM

Updated : 09 Sep 2022, 12:26 AM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে নিজ ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

তিনি উপজেলার ৫৬ নম্বর বটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রাধাগঞ্জ ইউনিয়নের মাদারবাড়ি গ্রামের বাসিন্দা।

বিদ্যালয় চলাকালীন এই শিক্ষক পঞ্চম শ্রেণির ছাত্রীদের কাছে ডেকে নিয়ে যৌন হয়রানি করতেন বলে ওই ক্লাসের কয়েকজন ছাত্রী জানায়। তার এ কর্মকাণ্ডের কারণে দুই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই শিক্ষক ছাত্রীদের কাছে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন বলে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া এক ছাত্রীর অভিযোগ।

ওই ছাত্রীর মা বলেন, “গত কয়েকদিন ধরে আমার মেয়ে স্কুলে যাচ্ছে না। তার কাছে স্কুলে না যাওয়ার কারণ জানতে চাইলে ওই শিক্ষকের কুকীর্তির কথা আমাকে জানায়। আমরা এই লম্পট শিক্ষকের শাস্তি চাই।”

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, “এ ঘটনা আমাকে কয়েকজন অভিভাবক জানিয়েছেন। বিষয়টি আমি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে মৌখিকভাবে জানিয়েছি।”

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “এর আগে এই শিক্ষক ৪৯ নম্বর উত্তরপাড়া মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন। সেখানেও তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন বলে আমরা শুনেছি। তারপর ওখান থেকে তাকে এ বিদ্যালয়ে বদলি করে দেওয়া হয়েছে।”

এ ব্যাপারে ওই শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, “বর্তমানে আমি এলাকার বাইরে আছি। তাই বিষয়টি সম্পর্কে জানা নেই।”

উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, “এ বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।”