২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দাফনের ১ মাস পর কবর থেকে তোলা হল আন্দোলনে নিহতের লাশ

৪ অগাস্ট আন্দোলনে মারা যাওয়ার পর লাশ রাতেই নিহতের নানাবাড়ির কবরস্থানে দাফন করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 08:14 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

চাঁদপুরের হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আজাদ সরকারের লাশ দাফনের ১ মাস পর কবর থেকে তোলা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে তার নানাবাড়ি হাজীগঞ্জ পৌরসভাস্থ ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় উত্তর-পশ্চিম পাড়া গ্রামের মিজি বাড়ির পারিবারিক কবর স্থান থেকে তার লাশ তোলে পুলিশ। 

পরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত আজাদ সরকার (৬৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়ির মৃত আনু মিয়া সরকারের ছেলে। 

গত ৪ অগাস্ট জেলার হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আজাদ সরকার। ওই দিন আন্দোলনে সংষর্ষে আরও শতাধিক ছাত্র-জনতা আহত হন। তাদের অনেকে বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

আজাদের মৃত্যুর পর রাতেই নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

এ ঘটনায় গত ১৪ অগাস্ট নিহতের ছেলে আহমেদ কবির হিমেল বাদী হয়ে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এতে পৌরসভার টোরাগড় ৮ নম্বর ওয়ার্ড কাজীবাড়ীর প্রয়াত মেন্দু মিয়ার ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মনির হোসেন মিঠুকে প্রধান আসামি করা হয়। 

মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. একরামুল ছিদ্দিক কবর থেকে আজাদ সরকারের লাশ তোলার আদেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতে লাশ তোলা হয় বলে জানান হাজীগঞ্জ থানার এসআই আব্দুল্ল্যাহ।

তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে লাশ তোলা হয়। ময়নাতদন্তের পর ফের দাফন করা হবে।