১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনাকে ক্ষমার সুযোগ দেবে না বিএনপি: এ্যানি

লক্ষ্মীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 04:02 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

বিএনপি দেশের মাটিতে শেখ হাসিনাকে ক্ষমার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

তিনি বলেছেন, “৫ অগাস্টের পর অনেকেই বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করার কোনো সুযোগ নেই। অনেকেই বলে নিষিদ্ধ করেন না কেন? পথে-ঘাটে কি একটা দল নিষিদ্ধ করা যায়? 

“তারা যে অত্যাচার-নির্যাতন করেছে, যদি বিচার হয়, তাহলে অটোমেটিক হাসিনা নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে।”

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি। 

এ্যানি বলেন, “বিগত সরকার বইয়ের মধ্যে লিখছে ‘জয় বাংলা’ মুখস্থ করতে হবে, মুজিববাদী শাসন মুখস্থ করতে হবে, বঙ্গবন্ধু মুখস্থ করতে হবে। যে ছাত্রদেরকে বানানোর জন্য এত কিছু করল, সে ছাত্ররা গেল কই। তার মানে জোর করে কিছু হয় না, হৃদয়ে লাগে।

“হৃদয়ে শেখ হাসিনার নাম থাকবে না। জোর করে শেখ হাসিনার নাম রাখা হয়েছিল। হৃদয়ে শেখ মুজিবের নাম থাকেনি। তবে হৃদয়ে জিয়াউর রহমানের নাম এমনিতেই চলে আসে। যেহেতু তিনি ‘স্বাধীনতার ঘোষণা’ করেছিলেন।”

বিএনপি স্কুলে স্কুলে গিয়ে বা পাঠ্যবইয়ে বাধ্য করে কারো নাম লেখায়নি বলে মন্তব্য করেন তিনি। 

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মোহাম্মদ দিদার হোসেন, লক্ষ্মীপুর বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বক্তব্য দেন।