টেকনাফে অস্ত্রের মুখে যুবককে তুলে নেওয়ার অভিযোগ
কক্সবাজার শহর থেকে গ্রামে এসে রাতে অস্ত্রধারীদের হাতে অপহরণের শিকার হন ওই যুবক।
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী নিজবাড়ি থেকে তুলে নেওয়া হয় বলে যুবকের চাচাত ভাই ও আইনজীবী ফরিদ হোসেন দাবি করেন।
অপহৃত বেলাল উদ্দিন (৩২) শিলখালীর আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
স্বজনদের দাবি, তাদের কাছে বেলালের মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা চাওয়া হচ্ছে।
মুক্তিপণের বিষয়টি প্রশাসনকে জানালে বেলালকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
ফরিদ হোসেন বলেন, বেলাল কক্সবাজার শহরের আদালত এলাকায় ফটোকপির দোকানের আয় দিয়ে সংসার চালায়। প্রতি সপ্তাহে ছুটির দিনে গ্রামের বাড়িতে জমিজমা দেখভাল করতে যান।
শনিবার রাত ৩টার দিকে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা একদল দুষ্কৃতকারী অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
রোববার বিকালের দিকে স্বজনদের কাছে মোবাইল ফোনে কল করে প্রথমে ৭০ লাখ টাকা এবং পরে ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন।
এসময় স্থানীয় প্রশাসন ও কাউকে এ বিষয়ে অবহিত করলে বেলালকে হত্যাকরে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।
বাহারছড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাফেজ আহমেদ বলেন, “বেলালের বাবার মৃত্যুর পর থেকে তারা কক্সবাজার শহরে বসবাস করছেন।
শনিবার পৈত্রিক বাগানবাড়ি দেখতে এসেছিলেন বেলাল। রাতে ঘুমাতে গেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে অপহরণ করে নিয়ে যায় তাকে।
রোববার বিকালে মুক্তিপণ হিসেবে প্রথমে ৭০ লাখ এবং পরে ৫০ লাখ টাকা দাবি করছে।
“বিষয়টি ইতোমধ্যে পুলিশ জেনেছে,” বলেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩২ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭৭ জন স্থানীয় ও ৫৪ জন রোহিঙ্গা নাগরিক।
