২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ছুরির মুখে স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২

একদিন আগে ভোররাতে আসামিরা ওই নারীর বাড়িতে প্রবেশে করে এ ঘটনা ঘটায় বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 05:50 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছুরির মুখে স্বামী ও শিশু সন্তানকে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন।

গ্রেপ্তাররা হলেন- তারাবো পৌরসভার দিঘীবরাব এলাকার বাসিন্দা আফজাল খান (৩০) এবং একই এলাকার মো. আব্বাস (৩০)।

এ ঘটনায় ভুক্তভোগী ২৫ বছর বয়সী গৃহবধূ আফজালের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার বরাতে ওসি সবজেল বলেন, “সোমবার ভোর সাড়ে ৪টার দিকে আসামিরা ওই নারীর বাড়িতে প্রবেশে করেন। এ সময় তারা ধারালো ছুরি দিয়ে ওই নারীর স্বামী ও সাড়ে তিন বছর বয়সী সন্তানকে জিম্মি করেন। 

“পরে স্বামীর সামনে তাকে ধর্ষণ করা হয়। চলে যাওয়ার সময় আসামিরা ভুক্তভোগীর একটি মোবাইল ফোন নিয়ে যান।”

তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে দিঘীবরাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় মোবাইল ফোনটি।

এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি সবজেল।