২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, কিশোরকে ১০ বছরের আটকাদেশ

জামালপুরে ২০২৪ সালের ১৯ মার্চ পাঁচ বছরের মেয়েটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক কিশোর ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে বলে জানান পিপি।

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, কিশোরকে ১০ বছরের আটকাদেশ
জামালপুর জেলা ও দায়রা জজ আদালত।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 04:59 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ১৫ বছরের এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক।

তিনি বলেন, ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে পাঁচ বছরের এক মেয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে এক কিশোর তাকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। 

শিশুটির ডাক-চিৎকারে বাবা-মাসহ স্থানীয়রা এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি বলেন, ঘটনার পরদিন ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে ওই কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। 

ফজলুল হক বলেন, পরে ওই কিশোর আদালতের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমানে আসামি গাজীপুরের শিশু সংশোধনাগারে রয়েছে।

আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামিকে ১০ বছরের আটকাদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান ফজলুল হক।