সকালে কাজে গিয়ে দেখেন কারখানা বন্ধের নোটিস, শ্রমিকদের ক্ষোভ
গাজীপুরের ‘মকুল নিটওয়্যার কারখানা’ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুর নগরের কোনাবাড়ী আমবাগ রোডের নীলনগর এলাকার মুকুল নিটওয়্যার লিমিটেড কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার সকালে কাজে গিয়ে শ্রমিকরা প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিস দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। মাসের মাঝামাঝি সময় কর্ম হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
কারখানা স্থায়ীভাবে বন্ধের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মুকুল নিটওয়্যার লিমিটেডের পরিচালক মো. মইনুল ইসলাম মুকুল।
আবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানির সঙ্গে জড়িত। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রয়াদেশ (অর্ডার) সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। যে কারণে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী আলোচনা সাপেক্ষে শ্রমিক ও কর্মচারীদের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
প্রতিদিনের মত এদিকে সকালে কারখানায় কাজ করতে যান শ্রমিকরা। গিয়ে দেখেন কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণার নোটিস। এ সময় শ্রমিকদের চোখে-মুখে দেখা গেছে হতাশার ছাপ।
কারখানার কোয়ালিটি পরিদর্শক মো. সাগর আলী বলেন, “কর্তৃপক্ষ কারখানা চালাতে না পারলে আমাদের কিছু করার নেই। তবে শ্রম আইন অনুযায়ী আমাদের পাওনা পরিশোধ করতে হবে।”
শ্রমিক মো. জুয়েল রহমান বলেন, “১৬ ডিসেম্বর কারখানা বন্ধ ছিল। আজ সকালে কারখানায় গিয়ে দেখি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন আমরা কোথায় যাব? ঘরভাড়া ও দোকানের বকেয়া রয়েছে। ছেলে-মেয়েদের স্কুলের বেতন কীভাবে দেব?”
কারখানার সুইং বিভাগের অপারেটর নাজমা বেগম বলেন, “আমরা কিছুই জানি না। সকালে এসে দেখি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। কী কারণে বন্ধ করেছে তাও জানি না।”
এ বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মইনুল ইসলাম মুকুলের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।
মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার কথা বলেছেন গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান।
