২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে

বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনার বিচার চেয়ে বিএনপি নেতার কাছে গেলে ওই নারীকে ধর্ষণচেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় বিএনপি নেতা ও তার সহযোগীকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বুধবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন আহমেদ লিমন।

কারাগারে যাওয়া গোলাম কিবরিয়া রিপন (৪২) উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অপরজন তার সহযোগী চান মিয়া (৪৩)।

মামলায় বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনায় বিএনপি নেতা রিপনের কাছে বিচার চান বেসরকারি সংস্থা ব্র্যাকের ক্রেডিট কর্মকর্তা এক নারী। পরে ওই নারীকে চান মিয়ার বাড়িতে আশ্রয়ের পরামর্শ দেন রিপন। সেখানে রিপন ও চান মিয়া তাকে ধর্ষণচেষ্টা করেন।

পরে ওই নারী ১১ সেপ্টেম্বর আদিতমারী থানায় মামলা করেন। এরপর আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। বুধবার লালমনিরহাটে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উচ্চ আদালতে জামিন আবেদন করার কথা বলেছেন আইনজীবী মহিউদ্দিন আহমেদ লিমন।