২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

এ ঘটনায় আহত দুইজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩
সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 04:12 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

সুনামগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে এ ঘটনা ঘটে বলে জানান সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম।

নিহতরা হলেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে স্নেহা চক্রবর্তী (১৮), সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ও শহরের আরপিনগর এলাকার দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী (১৭) এবং শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। 

আহত দুইজনকে সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হানিফ মিয়া বলেন, ওই দুই শিক্ষার্থী অন্য যাত্রীদের সঙ্গে অটোরিকশায় করে সুনামগঞ্জ শহরে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ও আফসানা মারা যায়। 

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক স্নেহাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ ছাড়া গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তিনজনের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।