Published : 09 Jun 2026, 10:54 PM
যশোরের ঝিকরগাছা উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সন্তানের মরদেহও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের শরিফপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান।
নিহতরা হলেন- রেবেকা খাতুন (৩০) ও তার শিশুপুত্র সোহরাব হোসেন। তারা ওই গ্রামের জনি মিয়ার স্ত্রী ও সন্তান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি গোলাম কিবরিয়া বলেন, পৈত্রিক জমি নিয়ে রেবেকা খাতুনের সঙ্গে তার বাবার বাড়ির বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দেন।
শ্বশুর রবিউল ইসলাম ও শাশুড়ী পরিছন বেগম বলেন, রেবেকার বোন সাফিয়া বেগমের সঙ্গে জমিজমা বিক্রি নিয়েও পারিবারিক বিরোধ ছিল।
অন্যদিকে, নিহতের বড় বোন সাফিয়া বেগমের দাবি, মাদকাসক্ত স্বামী জনি মিয়ার নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।