আদালত চত্বরে গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রকে ডিম-জুতা নিক্ষেপ
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কিরণ ১৮ নভেম্বর ভারত পালিয়ে যাওয়ার সময় যশোরের সীমান্তে বিজিবির হাতে আটক হন।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আদালত চত্বরে ডিম, জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রোববার সকালে এ ঘটনার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কিরণের ফাঁসির দাবিতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভও করেন।
আসাদুর রহমান কিরণ ১৮ নভেম্বর ভারত পালিয়ে যাওয়ার সময় যশোর জেলার সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হন। রোববার তাকে সদর মেট্রো থানার দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, “গাজীপুর মহানগর আদালত-৫ এর বিচারক আসামির রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য ১২ ডিসেম্বর তারিখ দিয়েছেন। এরপর আসামিকে কড়া পাহাড়ায় কারাগারে নিয়ে যাওয়া হয়।”
আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কিরণকে রাজবাড়ী এলাকায় আদালতের গারদখানায় আনা হয়। পরে তাকে আদালতে তোলা হয়। গারদখানা থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় আশপাশে থাকা বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন। তারা ঝাড়ু দিয়ে প্রিজনভ্যানে আঘাত করেন।
পুলিশ দ্রুত তাকে প্রিজনভ্যানে তুলে কারাগারের উদ্দেশে চলে যায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ‘খুনি কিরণের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।
আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, “বিক্ষুব্ধ জনতা কিরণকে জুতা ও ঝাড়ু পেটা করেছে। আদালত তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।”
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে যশোরেও কিরণের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া তার নামে গাজীপুর মহানগরীর টঙ্গী, সদর, গাছা থানা ও ঢাকার উত্তরাসহ বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, খুন ও আহত করার ঘটনায় সাতটি মামলা রয়েছে।
এদিকে, কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপির একাংশ। সেখানে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন।
