২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেলে নিয়ে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, অভিযোগের মুখে কথিত প্রেমিক

“মেয়ের শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছে।”

হোটেলে নিয়ে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, অভিযোগের মুখে কথিত প্রেমিক
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 01:12 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি আবাসিক হোটেলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

উপজেলার এনায়েতপুর থানা এলাকার ‘অনিক ভিলা’ নামের একটি আবাসিক হোটেলে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

ভুক্তভোগী মেয়েটির বয়স ১৪ বছর। তার বাড়িও শাহজাদপুর উপজেলায় এবং সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।

স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অনিক ভিলা হোটেলের মালিক মোতালেব মণ্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

ওসি আব্দুর রাজ্জাক বলেন, “শাহজাদপুর উপজেলার খুকনি পশ্চিম পাড়া গ্রামের উত্তর পাড়ার ২৮ বছর বয়সী হানজালা হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে মেয়েটির প্রেমের সমপর্ক গড়ে ওঠে। পেশায় কাপড় ব্যবসায়ী হানজালা বিবাহিত। তিনি পরিচয় গোপন রেখে ওই স্কুল ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে সবুজ পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।”  

“এক পর্যায়ে হানজালা বৃহস্পতিবার মেয়েটিকে কৌশলে অনিক ভিলা আবাসিক হোটেলে নিয়ে যায় এবং তাকে রাতভর ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় তাকে হোটেল কক্ষে ফেলে রেখে হানজালা পালিয়ে যায়।”

খবর পেয়ে ওই স্কুল ছাত্রীর স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, “হানজালাকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরিবারের সবাই গা ঢাকা দিয়েছে।

“তবে হোটেল মালিক মোতালেব মণ্ডলকে গ্রেপ্তার এবং এ ঘটনায় মামলা করা হয়েছে।” 

মেয়েটির বাবা অভিযোগ করে বলেন, “অবস্থা বেগতিক দেখে তিনটি হাসপাতাল মেয়েকে ভর্তি করেনি। শেষে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। মেয়ের শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছে।”