২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নারীর পেট থেকে ৫ কেজির টিউমার অপসারণ

চিকিৎসক বলেন, ওই নারীর পেটে পঞ্চমবারের মত অস্ত্রোপচার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 12:12 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে প্রায় ৫ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। 

শল্যচিকিৎসক মো. আরিফ উল হাসান বলেন, প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে শুক্রবার বিকালে মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে টিউমারটি অপসারণ করা হয়। এর ওজন ছিল চার কেজি ৮০০ গ্রাম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৩৫ বছর বয়সি ওই নারী প্রায় তিন মাস ধরে পেটে ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারের সময় শল্যচিকিৎসক আরিফ উল হাসানকে সহযোগিতা করেন চিকিৎসক রেজোয়ানা সুলতানা রাখি ও মোহাম্মদ জিলানী। অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন পান্না লাল সাহা।

অস্ত্রোপচারের পর রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শল্যচিকিৎসক আরিফ উল হাসান বলেন, বিভিন্ন কারণে ওই নারীর পেটে এর আগে চারবার অস্ত্রোপচার করা হয়েছিল। এবার পঞ্চমবারের মত অস্ত্রোপচার করা হল। 

আরিফ উল হাসান এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে একই হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে আট কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেন। চলতি বছরের জুনে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন তিনি। 

এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করে আলোচনায় এসেছিলেন চিকিৎসক আরিফ উল হাসান।