নরসিংদীতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু
পলাশ থেকে ঘোড়াশালের দিকে যাওয়ার পথে বিপরীত দিক আসা ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই তরুণ নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কামতাল এলাকার দৃষ্টিনন্দন সড়কে এ ঘটনা ঘটে বলে জানান পলাশ থানার ওসি মো. শহিদুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে সাকিব (১৭) এবং একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে সিয়াম (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাকিব ও সিয়াম তালতলা থেকে মোটরসাইকেলে করে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক আসা ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।
গুরুতর অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক মনির হোসেন জানান, সিয়ামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ মিনিট পর সিয়াম মারা যায়।
ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার পর পর চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়েছে।
নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
