২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় শিক্ষক নিহত, পরে বাসে আগুন দেওয়ার চেষ্টা

“দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 08:28 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় এক স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় বাসে ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় লোকজন।

রোববার দুপুরে উপজেলার তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকাযর ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার এসআই আব্দুল মমিন জানান।

নিহত সাইফুল ইসলাম ফারুক (৫৬) কাপাসিয়ার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার মৈশন গ্রামের সুলতান মোক্তারের ছেলে।

নিহতের ভাগ্নে মো. নাহিদ হাসান বলেন, “স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে কাপাসিয়া বাজারের দিকে যাচ্ছিলেন মামা। পথে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এসআই আব্দুল মমিন বলেন, “খবর পেয়ে নিহতের মরদেহ, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর বাসে ভাঙচুর করে আগুন দেয়ার চেষ্টা করেছে স্থানীয় লোকজন। চালক পালিয়ে গেছে। ”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।