ভারতে আটক ৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
যাচাই-বাছাই শেষে বুধবার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
ভারতে আটক চার বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ।
বিজিবির বরাতে সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, মঙ্গলবার বিকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনে বিজিবি ও বিএসএফের মাধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তারপরই বিজিবির কাছে চারজনকে হস্তান্তর করে বিএসএফ।
পরে রাতে তাদেরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। যাচাই-বাছাই শেষে বুধবার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
চার বাংলাদেশি হলেন- সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের মো. বদিয়ার রহমানের ছেলে মো. মোনায়েম হোসেন (৩৪), একই গ্রামের আব্দুল মাজেদ মোড়লের মেয়ে রেবেকা বেগম (৩৬), খুলনা জেলার কয়রা উপজেলা ঘুগরাকাটি গ্রামের আলীম মোড়লের মেয়ে রার্নিমা খাতুন (২৫) এবং পাঁচ বছরের এক শিশু।
বিজিবির বরাতে পুলিশ জানায়, চার বাংলাদেশি সোমবার গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আমুদিয়া সীমান্তের ৩ নম্বর গেইট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ তাদের আটক করে।
পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। মঙ্গলবার বিকালে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে জিরো লাইনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তারপরই তাদের হস্তান্তর করা হয়।
