২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুরের মানুষ খুন করে না’, প্রাথমিকে সঙ্গীত শিক্ষকের দাবিতে বক্তা

‘কক্সবাজারের বিক্ষুব্ধ শিল্পীবৃন্দ’ এর ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 09:00 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ পুনর্বহালের দাবিতে কক্সবাজারে মানববন্ধন হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় কক্সবাজার পৌরসভা চত্বরে ‘কক্সবাজারের বিক্ষুব্ধ শিল্পীবৃন্দ’ এর ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে জেলার শিল্পীসমাজ ও সংস্কৃতিজনরা অংশ নেন।

জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, “সুরের সঙ্গে থাকা মানুষ খুন করে না, অপরাধপ্রবণ হয় না- সে মানবিক হয়। তাই মানবিক প্রজন্ম গড়ে তুলতে হলে শিশুদের মনে সুকুমার বৃত্তি গড়ে দিতে হবে। সংগীত, চারুকলা ও নৃত্যের মতো সৃজনশীল শিক্ষাকে প্রাথমিক পর্যায়ে বাধ্যতামূলক করা জরুরি।”

জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক এম জসিমউদ্দীন বলেন, “শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ভিত্তির ওপরই সভ্যতা টিকে থাকে। প্রাথমিক শিক্ষা থেকে সঙ্গীত বাদ দিলে সেই ভিত্তিই দুর্বল হয়ে পড়বে।”

জেলা উদীচীর কোষাধ্যক্ষ তর্পনা দে বলেন, “বিজ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সঙ্গীত ও শারীরিক শিক্ষাও সমান প্রয়োজনীয়। এগুলো বাদ দেওয়া মানে শিশুদের সৃজনশীলতা ও সংবেদনশীলতা নষ্ট করা।”

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি খোরশেদ আলম হুঁশিয়ারি দেন, শিশুদের মানসিক ও মানবিক বিকাশের স্বার্থে দ্রুত সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহাল করতে হবে; অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত করা হবে।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, ছাত্র ইউনিয়নের সংগঠক মো. আরিফ।