০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন: বিয়ে পণ্ড, বরের বাবা কারাগারে

পুলিশ বলছে, গরুটি চোরাই কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 07:13 PM

Updated : 04 Oct 2026, 07:19 PM

বৌভাতের আয়োজন। বাড়িতে আত্মীয়-স্বজন ও অতিথিদের ভিড়। গরু-খাসি জবাই করে রান্নার প্রস্তুতিও চলছিল। এরই মধ্যে জবাই করা গরুটি চোরাই বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে বিয়ে বাড়িতে শুরু হয় হট্টগোল ও মারামারি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরের বাবাকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার বিকালে রফিকুল ইসলামকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী বলছে, রফিকুল ইসলামের (৫০) ছেলে সোহান মিয়ার সঙ্গে শুক্রবার একই উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। পরদিন শনিবার রফিকুল ছেলের বৌভাতের আয়োজন করে। এ জন্য চলছিল প্রস্তুতি।

বৌভাত উপলক্ষে ভোরে একটি গরুও জবাই করা হয়। চলছিল মাংস কাটাকাটি। এরই মধ্যে জবাই করা ওই গরুটি চোরাই বলে অভিযোগ ওঠে। পণ্ড হয় বৌভাতের অনুষ্ঠান। পালিয়ে যায় বর সোহানসহ বিয়ে বাড়ির লোকজন। পুলিশের হাতে আটক হয় বরের বাবা রফিকুল ইসলাম।

পাশাপাশি জবাই করা গরুর চামড়া, মাথা, পা, ভুঁড়ি ও মাংস জব্দ করা হয়।

গরুটির মালিক উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলামের দাবি, শুক্রবার রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘরের দরজা খোলা। পরে খোঁজ নিয়ে দেখেন, লক্ষাধিক টাকা মূল্যের তার একমাত্র কালো রঙের গাভিটি নেই।

এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে এলাকাবাসীর পরামর্শ ও সহায়তায় ভাতিজা আনোয়ারুল ইসলামকে সঙ্গে নিয়ে গরুটি খুঁজতে বের হন শহিদুল। গরুর পায়ের দাগ অনুসরণ করে খুঁজতে খুঁজতে তাঁরা পাশের বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে যান। সেখানে বৌভাতের জন্য একটি গরুর মাংস কাটাকাটি করতে দেখেন তারা।

শহিদুল ইসলামের ভাষ্য, জবাই করা ওই গরুর মাথা ও চামড়া দেখে নিশ্চিত হন- এটি তার চুরি যাওয়া গাভি।

তিনি বলেন, “এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিয়ে বাড়ির লোকজন শহিদুলের ভাতিজা আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।”

ওসি মাহফুজ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরুর মাথা, চামড়া, মাংস, ভুঁড়ি ও পা উদ্ধার করে এবং বরের বাবা রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়।”

আহত আনোয়ারুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম জানিয়েছেন, ছেলের বৌভাতের অনুষ্ঠানের জন্য তিনি এক ব্যক্তির কাছ থেকে গরুটি কম দামে কিনেছিলেন। গরুটি চোরাই কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।