২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মৃত্যু

রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 11:38 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরের দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক।

নিহতরা হল- উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে রায়হান আহমদ রাহুল (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। 

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে তিন বন্ধু রাধানগর বাউরভাগ চা-বাগান সড়ক দিয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব নিহত হয়। 

গুরুতর আহত রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়। জয়কে ওসমানী হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে সে মারা যায়। 

ওসি ওমর ফারুক বলেন, তিনজনের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছে।