পঞ্চগড়ে ‘যাত্রীবাহী বাস থেকে’ কোকেন-হেরোইন জব্দ, আটক নেই
অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায় বলে দাবি বিজিবির।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল কোকেন-হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর এলাকায় আল গালীব নামে একটি বাসের যাত্রীদের মালপত্র রাখার বক্স থেকে এক কেজি ৬১ গ্রাম কোকেন ও ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন দিয়ে ভারত থেকে আনা মাদকগুলো ঠাকুরগাঁও বা দিনাজপুরে পাঠানোর গোপন খবরে মঙ্গলবার দুপুরে ভজনপুর এলাকায় মহাসড়কে চৌকি বসায় বিজিবি। তখন বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী আল গালীব নামে যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
বাসে যাত্রীদের মালপত্র রাখার বক্সে রাখা একটি ব্যাগে মাদকগুলো পাওয়া যায় জানিয়ে বাহিনীটি বলছে, অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, “জব্দ কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর ও পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
