সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে অব্যাহতি
মাহমুদুল হাসান চৌধুরী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে যুবদলের এক নেতাকে দলীয় পদ ও সংগঠনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরীর বিরুদ্ধে সংগঠনবিরোধী সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, “মাহমুদুলের বিরুদ্ধে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ আছে। আওয়ামী লীগের লোকজনের সঙ্গে থেকে সে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। এ ছাড়া হাসপাতালে গিয়ে নিরীহ মানুষদের মারধর করেছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এদিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, “যুবদল নেতা মাহমুদুল হাসান চৌধুরী প্রায়ই হাসপাতালের রন্ধনশালার খাবার সরবরাহকারী ঠিকাদারের কাছে চাঁদা দাবি করতেন। বুধবার রাতে ওই যুবদল নেতার নেতৃত্বে একদল যুবক হাসপাতালে ঢুকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা বাবুর্চি আসলাম ও জাহাঙ্গীরকে মারধর করে।
“এ ঘটনার পর রোগীদের খাবার সরবরাহ বন্ধ রেখে রাতেই হাসপাতালের বাবুর্চি, কর্মচারী ও স্টাফরা বিক্ষোভ করেন। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
এ বিষয়ে জানতে যুবদল নেতা মাহমুদুল হাসান চৌধুরীর মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
