২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রক্টরের পর জাবির চার সহকারী প্রক্টরেরও পদত্যাগ

নতুন প্রক্টর নিয়োগের পর দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা কার্যালয়ের তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 09:47 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের পর চার সহকারী প্রক্টরও দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ায় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আলমগীর কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মোসা. জান্নাতুল ফেরদৌসকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক  এ কে এম রাশিদুল আলম প্রক্টর পদ থেকে অব্যাহতি চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পদত্যাগপত্র গ্রহণ করে।

বুধবার জারি করা আলাদা দুটি অফিস আদেশে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক আবদুছ ছাত্তারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের নিয়োগ বুধবার থেকেই কার্যকর হয়েছে।

১২ মে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়।

১৬ মে শিক্ষার্থীরা প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন। টানা দুই মাস ১৩ দিন বন্ধ থাকার পর সাবেক প্রক্টরের পদত্যাগের পর বৃহস্পতিবার বিকালে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টর অফিসের তালা খুলে দেন।

আরও পড়ুন: 

'শিক্ষার্থীদের দাবির মধ্যে' পদত্যাগ করলেন জাবি প্রক্টর