‘শিক্ষার্থীদের দাবির মধ্যে’ পদত্যাগ করলেন জাবি প্রক্টর
আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রশিদুল আলম পদত্যাগ করেছেন।
তার পদত্যাগপত্র গ্রহণ করে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, অধ্যাপক রশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে অধ্যাপক অধ্যাপক মো. জাকির হোসেনকে ২৯ জুলাই অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং এ পদ-সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।
১২ মে রাত প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনাটিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রশাসনের ভূমিকার সমালোচনা করে টানা আন্দোলন শুরু করেন।
আন্দোলনের অংশ হিসেবে তারা প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। ১৬ মে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং ১৭ মে প্রশাসনিক ভবন অবরোধ করেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ ছিল, প্রশাসন ঘটনাটির যথাযথ তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তারা তথ্য গোপন ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলেন।
ঘটনার ৭৭ দিন পরও সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না আসায় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে।
এর মধ্যেই প্রক্টর অধ্যাপক রশিদুল আলম পদত্যাগ করলেন।
