রাজশাহীতে জমির বিরোধের সংঘর্ষে যুবক নিহত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, বলছেন স্থানীয়রা।
রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত নয়জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দী গ্রামে বুধবার রাতে সংঘর্ষের পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা জানিয়েছেন।
নিহত ব্যক্তির নাম হাসিবুর রহমান; বয়স ২৫ বছর।
স্থানীয়রা বলছেন, জমির ভাগ-বাটোয়ারা নিয়ে স্থানীয় রেজাউল নামের একজনের সঙ্গে তার চাচাত ভাই ওয়াজেদের প্রথমে কথা কাটাকাটি হয় এবং তা পর্যায়ে গড়ায়। এতে উভয় পক্ষের দশ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হান্নানের ভাজিতা হাসিবুরের মৃত্যু হয়।
আহতরা হলেন- ওয়াজেদ আলী (৫৫), সুনু আলী (৪০), শহিদুল ইসলাম (৫২), আব্দুস সালাম (৫৭), আলাউদ্দিন (৪৫), নাজেরা বেগম (৫৫), নাজমুল হক (৫৫), মোশারফ হোসেন (২৩) ও শাহিন (২৩)।
তারা সবাই হোজা অনন্তকান্দী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই মো. আব্দুল্লাহ অভিযোগ করেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ২০০৫ সালেও আমার আরেক চাচাত ভাই ইসহাককে একইভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল।
“এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।’’
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি দুরুল হুদা জানান।
