জয়পুরহাটের সেই দর্শকপূর্ণ মাঠে গড়াল নারীদের ফুটবল
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জয়পুরহাটের মেয়েরা ঢাকার মেয়েদের হারিয়েছে।
নানা ঘটনার পর অবশেষে জয়পুরহাটের আক্কেলপুরের সেই মাঠে গড়িয়েছে নারীদের ফুটবল।
বুধবার বিকাল ৩টায় উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় ঢাকা জেলা নারী ফুটবল দল বনাম জয়পুরহাট নারী ফুটবল দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জয়পুরহাটের মেয়েরা ১-০ গোলে জয় পেয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
জেলা প্রশাসক বলেন, “জয়পুরহাটে খেলোয়াররা আক্রান্ত হননি এবং ভবিষ্যতে তাদের নিরাপত্তা জোরদার করা হবে। এ ছাড়া এ ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি করতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিলকপুর টি-স্টার ক্লাবের উদ্যোগে নারীদের এ ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল ২৯ জানুয়ারি। দর্শনীর বিনিময়ে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে খেলা দেখার জন্য টিনের বেড়া দেওয়া হয়েছিল। সমাগম বাড়াতে এলাকায় ব্যাপক প্রচারও করেন আয়োজকরা।
খেলায় অংশ নেওয়ার কথা ছিল রংপুর নারী ফুটবল দল বনাম জয়পুরহাট নারী ফুটবল দল। যা প্রীতি ফুটবল ম্যাচ হিসেবে ঘোষণা দেওয়া হয়। কিন্তু নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি তুলেন স্থানীয় মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামপন্থি কয়েকটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা।
২৮ জানুয়ারি তারা সমাবেশের আয়োজন করে তিলকপুরে নারীদের ফুটবল খেলা প্রতিহত করার ঘোষণা দেয়। এ ঘোষণার পর স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা ফুটবল মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করে।
এ নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
৩১ জানুয়ারি আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে ভুল স্বীকার দুঃখ প্রকাশ করেন ফুটবল খেলার বিরোধিতাকারী আলেমরা। যার পরিপ্রেক্ষিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর এবার স্থানীয় ক্লাব নয় বরং আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে খেলাটি আজ অনুষ্ঠিত হয়।
