Published : 23 Aug 2026, 09:03 PM
লক্ষ্মীপুরে কনের বাড়িতে গায়ে হলুদ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বর নিহত হয়েছেন।
শনিবার রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ।
নিহত মাহিন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কনের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে।
কনের মামা জাহেদুন সোহেল বলেন, বর ও কনের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। বয়স কম হওয়ায় দুই দিন আগে তাদের বিয়ে হয়। শনিবার রাতে তার ভাগনির গায়ে হলুদের আয়োজন করা হয়। সেখানে বরও এসেছিলেন।
তিনি বলেন, রোববার তাদের বৌ-ভাতের আয়োজন ছিল। কনে এখনও বরের বাড়িতে যাননি। এর মধ্যেই বরের মৃত্যু হয়েছে।
নিহতের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, বর-কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় দুই দিন আগেই চুপিসারে তাদের বিয়ে হয়। পরে আনুষ্ঠানিকতার জন্য গায়ে হলুদের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাহিন সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে তার দাফনও হয়েছে।
সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই।