২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের এনায়েতপুর দরবার শরীফের পীর আর নেই

নুহু মিয়া উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ সুফী খাঁজা ইউনুস আলী এনায়েতপুরীর (র.) তৃতীয় ছেলে।

সিরাজগঞ্জের এনায়েতপুর দরবার শরীফের পীর আর নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফের পীর খাঁজা কামাল উদ্দিন নুহু মিয়া।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাঁজা কামাল উদ্দিন নুহু মিয়া মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০৩ বছর।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান দরবার শরীফের খাদেম মো. মুরাদ খান।

বুধবার বাদ যোহর এনায়েতপুর মাজার মসজিদে নুহু মিয়ার জানাজা শেষ তাকে মাজার শরীফ কমপ্লেক্সে দাফন করা হয় বলে জানান তিনি।

মৃত নুহু মিয়া উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক সিরাজগঞ্জের হযরত শাহ সুফী খাঁজা ইউনুস আলী এনায়েতপুরী (র.) তৃতীয় ছেলে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দরবার শরীফের খাদেম মুরাদ খান বলেন, খাজা ইউনুস আলী এনায়েতপুরী (র.) এর পাঁচ ছেলে পাঁচ মেয়ের মধ্যে নুহু মিয়া ছিলেন তৃতীয় এবং দরবার শরীফের তৃতীয় ‘সাজ্জাদানশীন হুজুরপাক’। বাবার আদর্শের ধারবাাহিকতায় তিনি ছিলেন ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক।

“অল্প আহার ও কম নিদ্রার জীবন ব্যবস্থা অনুসরণ করে ইসলামী ভাবধারার মানবিক দীক্ষার নানা গুণের অধিকারী ছিলেন নুহু মিয়া। এ ছাড়া তিনি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখ-লাখ ভক্ত অনুরাগীকে ইসলামের দেখানো পথ অনুসরণে আজীবন ভূমিকা রেখেছেন।”