চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও
পাট জাগ দিতে গিয়ে জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তারা মারা গেছেন বলে জানায় পুলিশ।
চাঁদপুর সদর উপজেলায় ফসলি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কদ্দি পাঁচগাঁও গ্রামের প্রয়াত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম হোসেন তপদার (২৩)। আব্দুর রব পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। সায়েম শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান নিরব বলেন, আব্দুর রব বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান। তবে জমির ওপর দিয়ে পার্শ্ববর্তী এক দোকানে নেওয়া বিদ্যুতের তার ছিড়ে পড়ে ছিল।
এক পর্যায়ে আব্দুর রব সেই ছেড়া তারে জড়িয়ে কাতরাতে থাকলে পাশের একটি মেয়ে দেখে সায়েমকে বলেন। দূর থেকে বাবার এমন অবস্থা দেখে তাকে বাঁচাতে গিয়ে সায়েমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান মেহেদী হাসান।
আব্দুর রবের শ্যালক শাহ আলম বলেন, “আমার বোন জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে মারা গেছেন। পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে তাদের দাফন করা হবে।”
ওসি বাহার মিয়া বলেন, পুলিশকে না জানিয়ে স্বজনরা হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে পারবে।
