খুলনায় সাবেক স্ত্রীর স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
খুলনার দিঘলিয়া উপজেলায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর সাবেক স্বামীর বিরুদ্ধে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নন্দন প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন।
নিহত আলামিন শিকদার (৩৩) ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
পুলিশ জানায়, ভোরে ঝিনাইদহ জেলার বাসিন্দা আসাদুল ইসলাম নন্দন প্রতাপ গ্রামে আলামিনের বাড়িতে ঢুকে পড়েন। এ সময় তিনি আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি শাহীন বলেন, আলামিন ও তার স্ত্রী দিঘলিয়ার বাসিন্দা। আলামিনের স্ত্রীর প্রথম স্বামী ছিলেন আসাদুল। আসাদুলের সঙ্গে ছাড়াছাড়ির আগে থেকে আলামিনের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠতা ছিল বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে পারিবারিক কলহের এক পর্যায়ে আসাদুলকে তালাক দিয়ে ওই নারী আলামিনকে বিয়ে করেন; যা আসাদুল মেনে নিতে পারেননি বলে জানান তিনি।
সেই ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।
