চাঁদা দাবির অডিও ফাঁস: খুলনায় বৈষম্যবিরোধী ২ নেতাকে শোকজ
তবে শোকজ পাওয়ারা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন।
খুলনা শহরে একটি মেলা আয়োজনকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ ওঠার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির দুই নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি।
চাঁদা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেইসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাদের শোকজের বিষয়টি জানানো হয়।
কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাওয়া দুই নেতা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা নগর কমিটির সদস্যসচিব জহুরুল ইসলাম তানভীর এবং মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদ।
তানভীর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের অনার্সে এবং আজাদ একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের সই করা শোকজে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি কার্যকলাপে যুক্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে; যা সংগঠনের ভাবমূর্তির জন্য হানিকর। সেইসঙ্গে তাদের তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে একতরফা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে বলা হয়েছে।
ফাঁস হওয়া অডিওটি শোনার কথা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির আহ্বায়ক আল শাহরিয়ার বলেন, এ বিষয়ে সব সিদ্ধান্ত কেন্দ্রের।
তবে শোকজ পাওয়া ওই দুই নেতা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, খুলনায় মেলা ঘিরে তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিট ৩৬ সেকেন্ডের একটি অডিও ছড়ায়। সেখানে ‘মন্টু ইভেন্ট ম্যানেজমেন্ট’ এর স্বত্বাধিকারী পরিচয় দেওয়া এক ব্যক্তির সঙ্গে সাজ্জাদুল ইসলাম আজাদের কণ্ঠসদৃশ একজনের কথোপকথন শোনা যায়।
অডিওতে মেলার আয়োজক মন্টু মিয়াকে বলতে শোনা যায়, “আমার দ্বারা সবাইকে কী ঠান্ডা করা সম্ভব? আমার কাছে দুই টাকা রেডি আছে, আপনি বললে এখনই দিয়ে যাব।”
জবাবে আজাদের কণ্ঠসদৃশ একজন বলেন, “আমি পারব সবাইকে ঠান্ডা করতে, এ টু জেড-সবাই ঠান্ডা থাকবে, কেউ তাকাবে না, যদি ১০ টাকা দেন। আর যদি না দেন, তাহলে আজ এ গ্রুপ যাবে, কাল অন্য গ্রুপ যাবে, আপনি কয়জনকে ঠান্ডা করবেন?”
মেলার আয়োজক মন্টু সাংবাদিকদের বলেন, “ফাঁস হওয়া রেকর্ডিং আমার এবং আজাদের কল রেকর্ডিং। রেকর্ডিংয়ে যা শুনেছেন, সব সত্য।”
মন্টু বলেন, “পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মেলা ছিল। তারা আমার কাছে ১০ লাখ টাকা চেয়েছে। শেষ পর্যন্ত তিন লাখ দিয়ে তাদের ঠান্ডা করেছি।”
এ ঘটনার মধ্যে রাসেল মিয়া নামের এক ব্যক্তি, যিনি খুলনায় ‘মেলা রাসেল’ নামে পরিচিত, তিনি ভিডিও বার্তায় দাবি করেন, “মেলার প্রকৃত মালিক আমি। মন্টু মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন পক্ষকে বিভ্রান্ত করেছে। কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। যা ছড়ানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার। আমার কাছে মালিকানার চুক্তিপত্রও আছে।”
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আজাদ বলেন, “এটা একটা ষড়যন্ত্র। বড় শক্তি আমার বিপক্ষে লেগেছে। আপস না করে টিকে আছি। মেলার প্রকৃত মালিক চুক্তিপত্র দেখিয়েছেন।”
জহুরুল ইসলাম তানভীর বলেন, ঘটনাটি অনেক আগের। তাদের সম্পৃক্ততা আছে কি-না, তা সংগঠনের কেন্দ্রীয় তদন্তে প্রমাণিত হবে।
