২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে থানায় ফিরতে শুরু করলেও কাজে যোগ দেননি পুলিশরা

সেনাবাহিনীর  সদস্যদের সঙ্গে শুক্রবার সকালে পুড়িয়ে দেওয়া শিবালয় থানায় ফিরেন ওসি।

বিডিনিউজ২৪

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2024, 04:00 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মতো মানিকগঞ্জেও কর্মবিরতি পালন করেছে পুলিশ সদস্যরা। পুলিশের মহাপরিদর্শকের নির্দেশে কয়েকটি থানায় পুলিশ সদস্যরা ফিরলেও মাঠপর্যায়ের কাজে এখনও যোগ দেননি তারা। 

শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকগঞ্জ সদর থানায় ৮০ জন পুলিশের মধ্যে শুক্রবার ২৫ জনের মতো যোগ দিয়েছেন। বাকীরা দ্রুত সময়ে যোগদান করবেন। 

শিবালয় থানার ওসি আব্দুর রউফ জানান, ৫ অগাস্ট দুর্বৃত্তরা শিবালয় থানায় আগুন ধরিয়ে দেয়। এতে তার বাসভবন ও কয়েকটি গাড়ি পুড়ে যায়। জনরোষ থেকে বাঁচতে পুলিশ সদস্যরা আত্মগোপনে চলে যান। 

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শুক্রবার সকাল ১১টার দিকে তিনি থানায় আসেন। সন্ধ্যা পর্যন্ত ৬৫ জন পুলিশ সদস্যের মধ্যে দুইজন অফিসার ইনচার্জ, তিনজন এএসআই ও একজন কনস্টেবল থানায় যোগ দিয়েছেন।

নিরাপত্তার কারণে অনেকেই এখনো থানায় আসেনি। তবে দ্রুত যোগদান করবেন বলে জানান তিনি। 

হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম বলেন, "হরিরামপুর থানায় ৫৫ জন সদস্যদের মধ্যে সবাই উপস্থিত রয়েছেন।  তবে আমরা এখনো কার্যক্রম শুরু করিনি।”

দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন,  “দৌলতপুর থানার ৪৮ জন সদস্যের সবাই থানায় আছেন। তবে আমরা এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করিনি।”

এদিকে সরকার পতনের পর থেকে থানা-পুলিশ না থাকায় সুযোগ নিয়ে একটি চক্র বিভিন্ন এলাকায় ডাকাতির চেষ্টা করছে। এতে আতঙ্কে পাড়া মহল্লায় তিনদিন ধরে পাহারা দিচ্ছে স্থানীয় লোকজন।

শহরের গঙ্গাধরপট্টি এলাকার বাসিন্দা শুভাশিস গোস্বামী জানান, ডাকাতি, লুটপাট, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মন্দিরে হামলা-সহ যেকোনো নৈরাজ্য প্রতিরোধে এবং জনসাধারণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গঙ্গাধরপট্টি-বনগ্রাম এলাকাবাসী নিজ উদ্যোগে নিয়মিত রাতে পাহারা দিচ্ছে। 

বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সবাইকে নিজনিজ এলাকায় নিজ উদ্যোগে ঐক্যবদ্ধভাবে পাহারার ব্যবস্থা করারও অনুরোধ জানান তিনি। 

এদিকে, মাইকিং করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীরা। 

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা জানান, বিভিন্ন এলাকায় গিয়ে তারা মানুষজনকে নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন। নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয় সুরক্ষার জন্য কাজ করতে।