২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেপ্তার

৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2025, 12:06 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার গুলশান এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহার জানিয়েছেন। 

গ্রেপ্তার ৫৬ বছর বয়সী ওবায়দুল হাসান ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার ইসহাক আলীর ছেলে।

স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জানান, ২০১৯ সালে ববি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। 

পরে বগুড়া ২০২১ সালের পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার কাছে। 

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতার অভিযোগে দায়ের করা অন্তত ১২টি মামলায় ববির নাম রয়েছে। এ সব মামলায় হত্যা, বিস্ফোরক ও সংঘর্ষের অভিযোগ অন্তর্ভুক্ত।

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।