দিনাজপুরে কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি
চাহিদার তুলনায় এক লাখ ৩৬ হাজার পশু বেশি রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।
কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে দিনাজপুরের পশুর হাটগুলো তত জমে উঠেছে। প্রতিবারের ন্যায় এবারও ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদা বেশি দেখা গেছে।
তবে হাটে প্রচুর পরিমাণ গরু-ছাগল উঠলেও সেই তুলনায় পশু বিক্রি কম বলে দাবি করছেন ইজারাদাররা।
এবার কোরবানিতে জেলায় চাহিদার তুলনায় এক লাখ ৩৬ হাজার পশু বেশি রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম।
জেলার আফতাবগঞ্জ, ফাসিলা ও কারেন্ট হাট ঘুরে খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা সখের বসে অথবা বেশি দামের আশায় বিভিন্ন জাতের ষাঁড় লালনপালন করে বড় করেছেন, এ বছর তারা বিপাকে পড়েছেন। সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকার উপরে হাটে কোনো গরু বিক্রি হয়নি।
চিরিরবন্দর উপজেলার খামারি আনিসুর রহমান বলেন, তার ফ্রিজিয়ান জাতের ৪০ মণ ওজনের ষাঁড়টি বিক্রি করতে পারেননি। বিভিন্ন মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে যোগাযোগ করেও ক্রেতা পাননি।
এবার বিত্তশালী ক্রেতারা বিভিন্ন কারণে আত্মগোপনে থাকায় বড় গরু বিক্রি হচ্ছে না বলে ধারণা করছেন আনিসুর রহমান।
ফাসিলা হাটের ইজারাদারের প্রতিনিধি কাসেম বলেন, “বিগত বছরের তুলনায় এবার হাটে পশু বেশি উঠেছে এবং দামও তুলনামূলক কম। গত সপ্তাহে দুটি হাটে বেচাকেনা কম হলেও আজ ক্রেতার উপস্থিতি ভালো এবং বিক্রিও হচ্ছে বেশ।
“ঈদের আগে বৃহস্পতিবার ও শুক্রবার শেষ দুটি হাটে বেচাকেনা ভালো হবে বলে আশা করা হচ্ছে। কেননা এই দুই দিনের মধ্যে সবাইকে পশু কিনতেই হবে।”
জেলার অন্যমত নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পশুর হাটে মঙ্গলবার প্রচুর বেচাকেনা হয়েছে। হাট ইজারাদারের প্রতিনিধি মইনুল ইসলাম বলেন, এখানে ৭০ থেকে ৯০ হাজার টাকা দামের মধ্যে বেশি গরু বিক্রি হয়েছে।
তবে গরুর বেচাকেনায় কখনো ক্রেতার মুখে আবার কখনো বিক্রেতার মুখে হাসি দেখা গেছে বলে জানান তিনি।
প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, জেলায় কোরবানির জন্য চার লাখ ছয় হাজার পশু প্রস্তুত আছে। এর মধ্যে গরু-মহিষের সংখ্যা এক লাখ ৬৫ হাজার এবং ছাগল-ভেড়া দুই লাখ ৪১ হাজার।
