২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাচির মৃত্যু: জাহাঙ্গীরনগরের রেজিস্ট্রার ভবনে শিক্ষার্থীদের অবস্থান

ইতোমধ্যে মামলা হয়েছে, কয়েকজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে; তদন্ত কমিটিও গঠিত হয়েছে, বলেন উপ-উপাচার্য (প্রশাসন)।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 05:50 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের নতুন কলা ভবনের সামনের সড়কে একটি ইজিবাইক শিক্ষার্থী আফসানা করিম রাচিকে ধাক্কা দেয়। 

সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাচি মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রাচির মৃত্যুর পর থেকে তার সহপাঠীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবন তালা দেন।

সবশেষ শিক্ষার্থীদের রেজিস্ট্রার ভবনের নিচে অবস্থান নিতে দেখা যায়। 

দাবি মানা না হলে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।

তাদের ১১ দফা দাবিগুলো হল- রিকশাচালককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া; ৭ কর্মদিবসের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে মুমূর্ষু ব্যক্তির পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া; রাচিকে মরোণত্তর ডিগ্রি দেওয়া এবং তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে; ইজিবাইক সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে; সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার এবং পর্যাপ্ত পরিমাণের আলোর ব্যবস্থা করতে হবে; পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে; রাচির স্মরণে ক্যাম্পাসে স্থায়ী স্মৃতিফলক নির্মাণ করতে হবে; শিক্ষার্থীদের তদন্ত কমিটিতে পর্যবেক্ষক হিসেবে রাখতে হবে; আফসানা করীম রাচির বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিলের ব্যবস্থা করতে হবে; এ বিষয়ে প্রজ্ঞাপন জারি, রাস্তার মোরে সাইড মিররের ব্যবস্থা করা এবং দুর্ঘটনা এড়াতে ফুটপাত নির্মাণ করতে হবে।

রেজিস্ট্রার ভবনের নিচে অবস্থান চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপ উপাচার্য এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

উপ উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ বলেন, “রাচির নিহতের ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে, কয়েকজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে; তদন্ত কমিটিও গঠিত হয়েছে।”

“কাজগুলো করতে সময়ের প্রয়োজন, আমরা অলরেডি শিক্ষার্থীদের দাবিগুলো অধিকাংশই মেনে নিয়েছি। অনেকগুলো প্রক্রিয়াধীন।”