‘ফ্রি নৌকা’ না দেওয়ায় অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে মারধরের অভিযোগ
এ ঘটনার প্রতিবাদে নৌকার মাঝিরা কিছু সময় নৌকা চালানো বন্ধ রাখেন।
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে ‘বিনা ভাড়ায় নৌকা’ না পেয়ে ঘাটের দায়িত্বে থাকা ভূমি অফিস সহায়ককে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে।
শনিবার দুপুরের এ ঘটনায় মারধরকারী হিসেবে অভিযোগ ওঠা নাছির উদ্দিন আহমেদ সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস)। এসপি পদমর্যাদার এই কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।
‘মারধরের’ এ ঘটনার প্রতিবাদে ওই ঘাটের নৌকার মাঝিরা আধা ঘণ্টা নৌকা চালানো বন্ধ রাখেন বলে মাঝিরা জানান।
মারধরের শিকার ভূমি অফিসের সহায়ক জাবেদ আহমেদের অভিযোগ, ”দুপুরের দিকে ওই পুলিশ কর্মকর্তা নৌকাঘাটে এসে ‘ফ্রিতে নৌকা’ চান। তখন আমি বলি ইউএনও স্যারের সঙ্গে কথা বলতে। এসময় তিনি উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তোলেন, আমাকে চড়থাপ্পড় মারেন।
”পরে আমরা আধা ঘণ্টা নৌকা চালানো বন্ধ রাখি। পরে ইউএনও এবং ওসি স্যারসহ কর্মকর্তারা এসে বিষয়টি সমাধান করেছেন।"
পরে প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসে দুঃখ প্রকাশ করায় বিষয়টির সমাধান হয়, বলেন তিনি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন, "ঘটনাটি সকালে ঘটেছে। সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিল। আপনারা তো বিষয়টি জানেন বলে ফোন কেটে দেন তিনি।"
এ বিষয়ে নাছির উদ্দিনের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
