মানিকগঞ্জে পুকুরে মিলল আওয়ামী লীগ নেতার লাশ
“টিপু স্ত্রী ও সন্তানসহ ঢাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। বুধবার দুপুরে তিনি বাড়িতে আসেন।”
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পুকুর থেকে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল মুন্সিপাড়া এলাকার নিজ বাড়ির পাশের থেকে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বলে সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম জানান।
নিহত মো. আবু সাঈদ আল মামুন টিপু (৬২) সাহরাইল কায়েতপাড়া গ্রামের রফিক উদ্দিন আহমদের ছেলে এবং সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, “টিপু স্ত্রী ও সন্তানসহ ঢাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। বুধবার দুপুরে তিনি বাড়িতে আসেন। এরপর পুকুরে গোসল করতে গিয়ে পড়ে যান। দুপুরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।”
পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
