হাতিয়ায় কোস্ট গার্ডের ওপর হামলা, ৩৩ জেলে আটক
দুটি ফিশিং বোট থেকে ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের সদস্যদের উপর হামলার অভিযোগে ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সোমবার উপজেলার চেয়ারম্যান ঘাটের নীল বয়া এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড দাবি করেছে, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৪টার দিকে হাতিয়া কোস্ট গার্ডের একদল সদস্য চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়।
অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট থেকে ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। একই সঙ্গে দুটি ফিশিং বোট জব্দ করা হয়।
এ সময় কোস্ট গার্ডের সদস্যরা অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিক তাদের ওপর হামলা চালায়। এতে কোস্ট গার্ডের এক সদস্য ও এক মাঝি আহত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে।
