১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাকৃবির সিন্ডিকেট সভা হচ্ছে না, হল বন্ধের নোটিস বহাল

“পরবর্তীতে কী কর্মসূচি হবে তা জানানো হবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 10:19 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত সিন্ডিকেট সভা হয়নি। এর ফলে হল বন্ধের নোটিস বহাল এবং স্থানীয় প্রশাসনের উপর দায়িত্ব ন্যস্ত থাকছে।

বুধবার সন্ধ্যায় ছাত্রবিষয়ক বিভাগের কার্যালয়ে মতবিনিময়কালে একথা জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক।

এ সময় সহকারী প্রক্টর অধ্যাপক সোনিয়া সেহেলী বলেন, “হল খোলার বিষয়ে সিন্ডিকেট মিটিং করার জন্যে উপাচার্য শিক্ষার্থীদের কাছে লিখিত একটি ডকুমেন্ট চেয়েছিলেন। মঙ্গলবার পাঁচ ঘণ্টার মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে, তা উল্লেখ করে ছাত্র-শিক্ষক সবার সম্মতিক্রমে স্বাক্ষরিত একটি লিখিত থাকবে। সেটি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আমরা এ বিষয়ে বারবার কথা বললেও তারা এতে সম্মতি দেয়নি। যে কারণে সিন্ডিকেট হচ্ছে না।

এ বিষয়ে আন্দোলনের অন্যতম মুখ শিক্ষার্থী পশুপালন অনুষদের এহসানুল হক হিমেল বলেন, “স্যাররা আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলেন, আমরা গতকাল মিটিংয়ে যারা উপস্থিত ছিলাম তাদের সবাই স্বাক্ষর করেছি, তাহলে আবার নতুন করে কিসের স্বাক্ষর। তাই আমরা তাদের কথার সঙ্গে একমত নই। পরবর্তীতে কী কর্মসূচি হবে তা জানানো হবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে।”

সমন্বিত ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর উপাচার্যের ক্ষমা চাওয়া ও হামলাকারী বহিরাগতদের গ্রেপ্তারসহ ছয় দফা দাবির নতুন কর্মসূচি নিয়ে সোমবার থেকে আন্দোলন শুরু করেছিলেন বাকৃবির শিক্ষার্থীরা।

মঙ্গলবার তারা ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছিলেন। পরে সেখান থেকে শিক্ষার্থীদের একটি অংশ গিয়ে ব্যাংকের শাখা এবং ট্রেজারি ভবনে তালা দেয়।

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আন্দোলনরত শিক্ষার্থীদের ৪০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভা শেষে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, এক সপ্তাহের মধ্যে ক্লাস ও পরীক্ষা শুরুর আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহারে আন্দোলন থেকে সরলেন বাকৃবির শিক্ষার

বাকৃবির সমস্যা সমাধানে বসছে প্রশাসন ও আন্দোলনকারীরা

বাকৃবি: রেল অবরোধের পর ব্যাংক-ট্রেজারি অফিসে তালা শিক্ষার্থীদের

আন্দোলনে অনড় শিক্ষার্থীরা চান উপাচার্যের ক্ষমা, থমথমে বাকৃবি