টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
“ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না বলেও অঙ্গীকার করছি।”
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা।
রোববার বেলা ১২টার দিকে উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগকারী মো. সিদ্দিক মোল্লা বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
লিখিত বক্তব্যে সিদ্দিক মোল্লা বলেন, তিনি দীর্ঘদিন আগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে নতুন কমিটি গঠনের পর বর্তমানে দলের কোনো কমিটিতে তার নাম রয়েছে কি-না তা তিনি অবগত নন।
তিনি বলেন, “অজান্তে যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম থেকে থাকে, তাহলে আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে সকল ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলাম।
“ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না বলেও অঙ্গীকার করছি।”
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
