সিলেটে হামের উপসর্গ নিয়ে ৭ মাস বয়সি শিশুর মৃত্যু
এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১ জন হয়েছে।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়সি এক শিশু মারা গেছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১ জন হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মারা যাওয়া মুনতাহা বেগম সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা তানভির আহমদের মেয়ে।
এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৩ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৭৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৬৪৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিলেটে এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে নিশ্চিত হামে ছয়জনের মৃত্যু হয়েছে। বাকি ১০৫ জনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানান হয়েছে।
