২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর ‘জেলেদের’ হামলা, আহত ২

হামলায় বোরহানউদ্দিন থানার এএসআই হেলালের কাঁধে আঘাত লাগে এবং এক কনস্টেবলের আঙুল ফেটে যায়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 10:23 AM

Updated : 26 Aug 2026, 10:48 AM

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরছিলেন ভোলার তেতুলিয়া নদীর জেলেরা। এ সময় জেলেরা অভিযান পরিচালনাকারীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলার সময় এ হামলার ঘটনা ঘটে বলে মেহেদী হাসান জানিয়েছেন।

এ ঘটনায় দুটি নৌকা জব্দ এবং শাকিল নামে এক জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় ২৫ জন হামলাকারী জেলে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া জেলেরা বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বেড়ীর মাথা মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাট এলাকার বলে জানা গেছে।  

সহকারী কমিশনার বলেন, “তেতুলিয়া নদীতে নিষিদ্ধ সময়ে দুটি নৌকায় প্রায় ২০-২৫ জন জেলেকে ইলিশ ধরতে দেখা যায়। তখন তাদের ধরতে তিনজন পুলিশ সদস্য ও নিরস্ত্র পাঁচজন কর্মকর্তা-কর্মচারী তাড়া করে।

“এ সময় জেলেদের হামলায় বোরহানউদ্দিন থানার এএসআই হেলালের কাঁধে বৈঠার আঘাত লাগে। এছাড়া একজন কনস্টেবলের আঙুল ফেটে যায়। পরে তাদের ধাওয়া করে দুটি নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়।”

আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এবং বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা মৎস কর্মকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান মেহেদী হাসান।  

তিনি সাংবাদিকদের বলেন, জনস্বার্থে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।