ছাত্রদলের সাবেক সম্পাদকের বিরুদ্ধে শ্রমিকদল নেতাকে হত্যা চেষ্টার মামলা
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রদল নেতা বলেন, তিনি নিজেও চান ঘটনা তদন্ত করে প্রকৃত দোষী ও মদতদাতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক।
বরিশালের উজিরপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন উপজেলা শ্রমিকদল নেতা।
বৃহস্পতিবার উজিরপুর মডেল থানায় মামলার অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে ওসি জাফর আহমেদ জানিয়েছেন।
বুধবার রাতে উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক খোকন ডাকুয়াকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় বলে অভিযোগ ওঠে।
মামলার বাদী খোকন ডাকুয়া বলেন, “বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু দীর্ঘ সাড়ে ছয় বছর পর সম্প্রতি নিজ এলাকায় আসেন। তাকে বরণ উপলক্ষ্যে পথ ও মতবিনিময় সভা হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঙ্গে কথা কাটাকাটি হয়।”
এর জেরে জুয়েলের নির্দেশে সন্ত্রাসীরা বুধবার রাতে উপজেলার সোনার বাংলা বাজারে ডাকুয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়ে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার করে বলে দাবি খোকন ডাকুয়ার।
এ ঘটনার পর এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।”
তিনি আরও জানান, মামলায় সাইফ মাহমুদ জুয়েলসহ এজাহারনামীয় ১০ জন ছাড়াও অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে সাইফ মাহমুদ জুয়েল বলেন, “এটা দুর্ভাগ্যজনক। আমি সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়ে রাজনীতি করেছি। যিনি থানায় অভিযোগ দিয়েছেন, তিনি অর্বাচীনের মত কাজ করেছেন; যা আমার জন্য লজ্জাকর।”
মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরিও নেই দাবি করে জুয়েল বলেন, “ধারণা করছি, কোনো একটি পক্ষের প্ররোচনায় মামলা করেছেন খোকন।”
তিনি নিজেও চান ঘটনা তদন্ত করে প্রকৃত দোষী ও মদতদাতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক।
এদিকে, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে মামলার আসামি করায় উজিরপুর উপজেলার বিএনপি প্রতিবাদ মিছিল করেছে।
