২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

ভাটাগুলোর চুল্লি আংশিক ভেঙে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 09:17 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

পরিবেশ অধিদপ্তরের আইন না মেনে ইট প্রস্তুত করায় নরসিংদীর মনোহরদী উপজেলার সাত ভাটা মালিককে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলায় বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরে উপপরিচালক মো. বদরুল হুদা।

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস। সহযোগিতা করেন নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়সহ পুলিশ সদস্যরা।

জেলা পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ ধারা অনুসারে সাতটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে মেসার্স চণ্ডীতলা ব্রিকস মালিক হাজী মো. আফাজ উদ্দিন কিরণকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই মালিকের মেসার্স বড়চাপা ব্রিকসকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বড়চাপা এলাকার মেসার্স বন্ধু ব্রিকসের মালিক মো. আওলাদ হোসেনকে এক লাখ টাকা, ব্রাইট রয়েল ব্রিকস মালিক মো. শাহজাহানকে এক লাখ টাকা, হাতিরদিয়ার মেসার্স এ এন ব্রিকস-১ মালিক আবুল কালাম আজাদকে এক লাখ, সরাইকান্দির মনোহরদী ডিজিটাল ব্রিকস মালিক মো. সাইফুল্লাকে ৫০ হাজার ও একই এলাকার মেসার্স আলিফ মান্নান ব্রিকস মালিক আ. মান্নানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

এ সময় ভাটাগুলোর চুল্লি আংশিক ভেঙে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করে দেয় পরিবেশ অধিদপ্তরের অভিযানিক দল।