২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বকেয়া ও কারখানা খোলার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

এম কে ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা এই বিক্ষোভ করে।

বকেয়া ও কারখানা খোলার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে এম কে ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ করছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে এম কে ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ করছে। 

উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের ওই কারখানার অভ্যন্তরে শ্রমিকরা শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন বলে শিল্প পুলিশের পরিদর্শক (শ্রীপুর জোন) আব্দুল লতিফ খান জানান। 

তিনি জানান, পরে মালিকপক্ষ এসে মঙ্গলবার কারখানা খুলে দেওয়া এবং বৃহস্পতিবার এপ্রিল মাসের পাওনা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, আর্থিক সংকটের কারণে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের এপ্রিল মাসের বেতন বাকি। শনিবার শ্রমিকদের কারখানায় যোগদানের কথা।

কিন্তু সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে দেখেন গেইটে তালা ঝুলছে। কারাখানার ছুটিও বাড়িয়েছে কর্তৃপক্ষ। তখন তারা ক্ষুব্ধ হয়ে ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন। 

পরে কর্তৃপক্ষ গেইট খুলে দিলে শ্রমিকরা ভিতরে প্রবেশ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করে। তখন মালিকপক্ষ এসে শ্রমিকদের আশ্বাস দেয়। 

শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান বলেন, মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা চলে গেছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কারখানার উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে।

এ বিষয়ে এম কে ফুটওয়্যার লিমিটেড কারখানার মালিকপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে।