বগুড়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা: ২ জনের যাবজ্জীবন
একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। টাকা পরিশোধ না করলে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
বগুড়ার গাবতলীতে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। টাকা পরিশোধ না করলে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার জ্যেষ্ঠ দায়রা জজ মো. শাহজাহান কবির এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান।
দণ্ডিতরা হলেন- জেলার গাবতলী উপজেলার আটবাড়িয়া গ্রামের হেলাল উদ্দিন ও মো. মানিক। হেলাল নিহত ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, বগুড়া শহরের রহমান নগর এলাকায় সপরিবারে বাস করতেন তারাজুল ইসলাম। রাজনীতির পাশাপাশি ব্যবসা করতেন। ২০১৬ সালে নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তিনি গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
একই বছর স্বজনদের সঙ্গে ঈদ করতে নিজ গ্রাম উপজেলার আটবাড়িয়ায় গেলে ৮ জুলাই রাতে শয়নকক্ষের জানালা দিয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে।
মাথায় গুলিবিদ্ধ তারাজুল ইসলামকে তাৎক্ষণিক প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরে তাকে আবারও বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই তিনি মারা যান।
ওইদিন তারাজুলের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু গাবতলী মডেল থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।
পরে গাড়িচালক বেলাল ও মানিককে পুলিশ গ্রেপ্তার করে। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ নয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী আব্দুল বাছেদ বলেন, “দীর্ঘ ৮ বছর পর মামলায় সঠিক বিচার পাওয়ায় তারাজুলের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।”
