Published : 09 Jan 2026, 03:05 PM
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সকে গলায় ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক বুলবুল।
আহত সুলতানা জাহান ডলি (২৮) পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে। গলায় কয়েকটি সেলাই দেবার পর তাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
তার স্বামী চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন এলাকার নূর মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে হাসপাতালের ইনডোরে নাইট ডিউটি করছিলেন ওই নার্স। ডিউটি শেষ হবার একটু আগে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তার স্বামী আমিরুল সেখানে আসেন।
এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আমিরুল ছুরি দিয়ে স্ত্রী ডলির গলায় আঘাত করে পালিয়ে যায়।
এ ব্যাপারে চিকিৎসক ওমর ফারুক বুলবুল বলেন, “তাকে আমাদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু গলায় আঘাত লেগেছে এবং সেলাই পড়েছে। সেহেতু তার থেকে আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। ওই নার্স আগে জানিয়েছিলেন তার স্বামী সেনাসদস্য।”
চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। স্বামী-স্ত্রীর কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের সাংসারিক জীবনে দীর্ঘ সময় ধরেই ঝামেলা চলছিল। এরই অংশ আজকের ঘটনা। ”
লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।