২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বরিশালে খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছো বিড়াল

মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও লাইলনের রশিতে প্রাণিটির পা কেটে গিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 12:07 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

বরিশাল নগরীতে পুকুরপাড়ের জালে আটকা পড়ে স্থানীয়দের হাতে বন্দী হয়েছে একটি মেছো বিড়াল। 

বৃহস্পতিবার সকালে রূপাতলী বটতলা এলাকায় স্থানীয়রা প্রাণিটিকে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেয় বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা জজ তালুকদার। 

জজ তালুকদার বলেন, বন জঙ্গল ও ধানক্ষেত না থাকায় খাবার সংকটে পড়ে মেছো বিড়াল। তাই খাবারের সন্ধানে বটতলা এলাকার একটি পুকুরে পাড়ে এসে আটকে পড়ে বিড়ালটি । 

তখন স্থানীয়রা প্রাণিটিকে আটকে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। এতে মেছো বিড়ালটি হিংস্র হয়ে উঠে। মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও লাইলনের রশিতে প্রাণিটির পা কেটে গিয়েছে। 

খবর পেয়ে সেখান থেকে ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিম মেছো বিড়ালটি উদ্ধার করেছে। পরে ভেটেনারি সার্জনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে।

বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “মেছো বিড়ালটি আমাদের হেফাজতে রয়েছে। চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।”