১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা-নাতি-নাতনির মৃত্যু

স্থানীয়রা জানান, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানিতে নেমে ডুব দেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 04:49 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন।

রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান। 

মৃতরা হলেন-শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)।

স্থানীয়রা জানান, আবু সিদ্দিক দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেন। দীর্ঘ সময় পরও তাকে পানির ওপরে উঠতে না দেখে পিয়াস ও পপি তাকে খুঁজতে পানিতে নামে। পরে তারাও পানিতে ডুবে যায়।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, পানিতে নামার পর আবু সিদ্দিক স্ট্রোক করে অচেতন হয়ে ডুবে যান। তাকে উদ্ধার করতে গিয়ে দুই শিশুও পানিতে ডুবে যায়।

শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, “একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।