ভারতে যাওয়ার সময় শেরপুরের আওয়ামী লীগ নেতা আটক
ওসি বলেন, চন্দন কুমার পালের বিরুদ্ধে শেরপুর সদর থানায় হত্যা মামলা রয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় শেরপুরের এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
আটক চন্দন কুমার পাল (৭১) শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ১৯৯৬ সালে শেরপুর জেলা আইনজীবী সমিতির এপিপি ছিলেন। তিনি জেলা শহরের পুরাতন গোহাটি গ্রামের বাসিন্দা।
বুধবার সন্ধ্যায় পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভূঁইয়া।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই পুলিশ ও বিজিবি তৎপর ছিল। পাসপোর্টে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশনে জমা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি নিজের পরিচয় দেন এবং তাকে আটক করা হয়।”
তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, “চন্দন কুমার পালের বিরুদ্ধে শেরপুর সদর থানায় হত্যা মামলা রয়েছে। তাকে শেরপুর সদর থানা হস্তান্তর করা হবে।”
