চাঁদপুরে টাকা না পেয়ে এসআইবিএল ব্যাংক ঘেরাও-ফটকে তালা
গ্রাহকরা চেক নিয়ে ব্যাংকে এসে দেখেন লেনদেন বন্ধ। তখন সব গ্রাহকরা জড়ো হয়ে প্রবেশ গেইটে তালা মেরে দিয়েছেন।
চাঁদপুরে টাকা তুলতে না পেরে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ঘেরাও করে প্রবেশ পথে তালা মেরে দিয়েছেন গ্রাহকরা।
মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্স ভবনে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
ব্যাংকটির গ্রাহক ইয়াকিন খান ও শাহনাজ বলেন, দুই সপ্তাহ ধরে ব্যাংকে এসে তারা টাকা তুলতে পারছেন না। ব্যাংকে আসলে কর্মকর্তারা বলে ‘সামনের সপ্তাহে আসেন ঠিক হয়ে যাবে’।
মঙ্গলবারও গ্রাহকরা চেক নিয়ে ব্যাংকে এসে দেখেন কোনো টাকা দিচ্ছে না। সব লেনদেন বন্ধ। তখন সব গ্রাহকরা জড়ো হয়ে প্রবেশ গেইটে তালা মেরে দিয়েছেন।
তারা দ্রুত তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
ব্যাংকের শাখাটির ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, “রোববার ও সোমবার লেনদেন চালু ছিল। ওইদিনও গ্রাহকদের চাহিদামত টাকা দিতে পারিনি। তাই মঙ্গলবার ব্যাংকের লেনদেন পুরোপুরি বন্ধ রাখা হয়। যার কারণে গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে বাইরে দিয়ে তালা মেরে দেয়।”
“আমরা প্রধান কার্যালয়ে কথা বলেছি ওনারা আমাদেরকে ২০ লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করি, টাকাগুলো আসলে গ্রাহকদের ৫-১০ হাজার টাকা করে দিতে পারব।”
তিনি গ্রাহকদের ‘একটু ধৈর্য’ ধরার অনুরোধ জানিয়ে বলেন, “ধৈর্য ধরলে ব্যাংক অবশ্যই আগের মত দাঁড়িয়ে যাবে। ব্যাংকের পরিস্থিতি স্বাভাবিক হতে আমাদের কিছুদিন সময় দিতে হবে।”
গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের টাকা লেনদেনের জটিলতা শুরু হয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্বাভাবিক হয়নি লেনদেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের চাঁদপুর জেলা শাখায় ২২ হাজার গ্রাহক। বর্তমানে দিনে ১০০ গ্রাহকের টাকাও দিতে পারছে না শাখাটি।
এছাড়া তারল্য সংকটের কারণে জেলার অন্যান্য শাখায়ও চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছেন না গ্রাহকরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভোগান্তির শিকার গ্রাহকরা।
ওসি মো. বাহার মিয়া বলেন, “আমরা খবর পাই সোশ্যাল ইসলামী ব্যাংকে এসে গ্রাহকরা ভিড় জমাচ্ছেন, তারা তাদের টাকা পাচ্ছেন না। পরে থানা থেকে টহল পার্টি ব্যাংকে পাঠানো হয়।
“পরে পরিস্থিতি আরও অবনতি হলে তখন আমি নিজে এসে গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করি।”
ওসি আরও বলেন, “পরে আমি ব্যাংকের ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে কিছু টাকা আনার ব্যবস্থা করি। আশা করছি, যে টাকা আসবে তা দিয়ে গ্রাহকদের আপাতত সন্তুষ্ট করা যাবে।”
